টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ আমিনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়াসংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মোহাম্মদ আমিন (৫০)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবুনিয়ার মৃত কাশেম আলীর ছেলে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক খুদে বার্তার মাধ্যমে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে জানা যায়, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কাটাবুনিয়াসংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ঝাউবনের পাশ দিয়ে কালো রঙের ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাঁকে থামার সংকেত দেন। এ সময় ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। এরপর ব্যাগ তল্লাশি করে ৮৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

এ বিষয়ে লে. কমান্ডার আমিরুল হক বলেন, আটক ওই ব্যক্তি ও জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানা–পুলিশে সোপর্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।