টেকনাফের ঝরনায় গোসল করতে এসে ডাকাতদের খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ঝরনায় গোসল করে ফেরার সময় কলেজপড়ুয়া ১২ জন শিক্ষার্থী ডাকাতদের খপ্পরে পড়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানখালীতে স্বপ্নপুরী ঝরনায় একদল মুখোশধারী ডাকাত তাঁদের এক ঘণ্টা জিম্মি রেখে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ছেড়ে দেয়। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ডাকাতির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ডাকাত দলের কবলে পড়া শিক্ষার্থীরা হলেন মিজানুর রহমান, মোহাম্মদ ছিদ্দিক (২১) ও হেলাল উদ্দিন (২১), রিয়াজ উদ্দিন (২০), মোহাম্মদ শাহজাদা (২১), মোহাম্মদ আয়ুব (২০), মোহাম্মদ শাহেদ (২১), মো. আনোয়ার (২৭) মোহাম্মদ কবির (২১), কিরণ শর্মা (২১), আমির হোসাইন (২১) ও হামিদ হোসেন (২১)।

মিজানুর রহমান জানান, আজ সকালে তিনি ও তাঁর বন্ধুরা স্বপ্নপুরী ঝরনায় গোসল করতে যান। গোসল শেষে ফেরার মুহূর্তে সেখানে হঠাৎ মুখোশ ও অস্ত্রধারী ডাকাতেরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় মিজানুর, ছিদ্দিক ও হেলাল সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পালিয়ে আসার পর তাঁরা অভিভাবক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

মিজানুর বলেন, ‘আমরা পালিয়ে এলেও আমাদের ৯ জন বন্ধুকে ডাকাতেরা অস্ত্রের মুখে প্রায় এক ঘণ্টা জিম্মি করে রাখে। পরে আমার বন্ধুদের মারধর করে মোবাইল ফোন ও টাকা লুট করে তাদের ছেড়ে দেয়। বিষয়টি কাউকে না জানাতে ডাকাতেরা হুমকিও দিয়েছে।’

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঝরনায় গোসল করতে আসা ওই শিক্ষার্থীদের অপহরণ করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ফেরত আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে দিন দিন ডাকাত দলের অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে। তাই জেলার পর্যটনকেন্দ্রগুলোতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান তিনি।