
উন্নয়নকে টেকসই করতে হলে চূড়ান্ত বিচারে গণতান্ত্রিক পরিবেশ থাকতেই হবে। যে উন্নয়নের কথা এখন বলা হচ্ছে, সেখানে সিদ্ধান্ত গ্রহণে মানুষের অংশগ্রহণ থাকতে হবে। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের সেই জায়গা তৈরি করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় শুধু নির্বাচন, ভোট দেওয়া নয়; উন্নয়ন প্রক্রিয়ায় পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক সেলিম জাহান এ কথা বলেন। গতকাল বুধবার তিনি প্রথম আলোর কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন আগে, নাকি গণতন্ত্র—এমন প্রশ্নের উত্তরে সেলিম জাহান বলেন, ‘এ বিতর্ক অর্থহীন। যেহেতু আমি মনে করি গণতন্ত্রের অন্তর্নিহিত মূল্য আছে, তাই আমি এ বিতর্কে যাব না। উন্নয়ন ও গণতন্ত্র দুটোর দিকেই জোর দিতে হবে।’
বর্তমান বিশ্বকে তিনি মনে করেন ‘অসম’, ‘অস্থিতিশীল’ ও ‘অবজায়যোগ্য’ (টেকসই নয়)। তাঁর মতে, মানুষে মানুষে এখন কিছু ‘নির্লজ্জ’ অসমতা রয়েছে। ষাটের দশকেও এটা ছিল না। আবার নারী-পুরুষের অসমতাও রয়েছে। অসমতার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ওপরের দিকে ১ শতাংশ মানুষের কাছে বিশ্বের ৫১ শতাংশ সম্পদ রয়েছে। আর নিচের দিকে ৮০ শতাংশ মানুষের কাছে মাত্র ৬ শতাংশ সম্পদ।
অস্থিতিশীলতা সম্পর্কে তিনি বলেন, যেকোনো সময় আর্থিক সংকট কিংবা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। আবার এখন সন্ত্রাসেরও বিশ্বায়ন হচ্ছে। বজায়যোগ্য বা টেকসই পরিবেশ তৈরি করাও বড় চ্যালেঞ্জ।
নারী-পুরুষের অসমতার উদাহরণ দিয়ে এ অর্থনীতিবিদ বলেন, কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে অসমতা বৃদ্ধি পেয়েছে। কাজের ক্ষেত্রে বাইরের জগতে পুরুষের প্রাধান্য বেশি আর ঘরের ভেতরে নারীর প্রাধান্য। মোট পুরুষ জনগোষ্ঠীর ৭২ শতাংশই অর্থনৈতিকভাবে সক্রিয়। অর্থাৎ কাজ করেন, আয় করেন। আর নারীদের মধ্যে এ হার মাত্র ৪৭ শতাংশ। আবার ২২ শতাংশ প্রতিষ্ঠানে উচ্চপদে নারীরা আছেন। অন্যদিকে ৩৪ শতাংশ প্রতিষ্ঠানে উচ্চপদে নারী নেই। পুরুষের চেয়ে নারীরা ২৪ শতাংশ কম মজুরি পান। তাঁর মতে, নারী-পুরুষের অসমতা দূর করা সম্ভব হলে সাব সাহারা আফ্রিকার দেশগুলোর জাতীয় আয় ছয় হাজার কোটি ডলার বেড়ে যাবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধিনির্ভর কর্মসংস্থান নয়; কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধি হতে হবে। বেশি লোককে কাজের সুযোগ করে দিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দরকার। তাঁর মতে, কাজের জগৎ বদলে যাওয়ায় মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির সময় ভবিষ্যৎমুখী হতে হবে। নতুন কাজের ক্ষেত্র শুধু দেশে নয়; বিদেশেও হচ্ছে। নতুন বিশ্বব্যবস্থায় অনেক অনানুষ্ঠানিক খাত রয়েছে, যেখানে অনেক উচ্চ বেতনে কাজের সুযোগ রয়েছে। উদাহরণ—রোগীর পথ্যপত্র (প্রেসক্রিপশন) অনুবাদ করে দেশে বসেই অর্থ রোজগার করছে ভারতীয় তরুণ জনগোষ্ঠী। জাতীয় কর্মসংস্থান কৌশল প্রণয়ন করতে হবে। ইতিমধ্যে ২৭টি দেশ এ কৌশল তৈরি করেছে।
মজুরি দেওয়া হয় না এমন কাজের মূল্যমান নির্ধারণ করার পরামর্শ দেন সেলিম জাহান। তাঁর মতে, নারীরা গৃহস্থালির অনেক কাজ করেন, যার বিনিময়ে মজুরি পান না। এসব কাজের মূল্যমান নির্ধারণ করা হলে এসব কাজের স্বীকৃতি দেওয়া হবে। এটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরির বিনিয়োগ হিসেবে দেখতে হবে। এ ছাড়া এসব কাজের মূল্যমান নির্ধারিত হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)Üআকার বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে। এভাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে বহির্বাণিজ্য-সুবিধা কমে যাওয়ার আশঙ্কায় রাজনীতিবিদ ও নীতিনির্ধারকেরা এর বিরোধিতা করতে পারেন বলে তিনি মনে করেন।
চীনের উদাহরণ দিয়ে তিনি বলেন, চীন দীর্ঘদিন উন্নয়নশীল দেশের নিচের দিকে নিজের অবস্থান ধরে রেখে বহির্বাণিজ্য-সুবিধা ধরে রেখেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখায় চীনের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধিও বেড়েছে। ফলে এখন চীন এই সুবিধা ধরে রাখতে জনসংখ্যা নিয়ন্ত্রণের কঠোর নীতি থেকে সরে এসেছে।
সাম্প্রতিক সময়ের অভিবাসনপ্রবাহ সম্পর্কে সেলিম জাহানের মত হলো, এ অভিবাসনপ্রবাহ চলতেই থাকবে। উন্নত বিশ্বে একে নেতিবাচকভাবে না দেখে কীভাবে এর অর্থনৈতিক সুবিধাগুলো নেওয়া যায়, সেদিকে নজর দেওয়া উচিত। কেননা, ওই সব দেশে, বিশেষ করে ইউরোপে জনসংখ্যা বোনাস নেই বললেই চলে।
শ্রমিকদের ন্যূনতম মজুরির পরিবর্তে মানসম্পন্ন জীবন ধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) প্রথা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, এ জন্য বাড়তি সম্পদ লাগবে না। যে সম্পদ দিয়ে ন্যূনতম মজুরি দেওয়া হয়, সে সম্পদের কিছুটা পুনর্বিন্যাস করলেই হবে। তবে এটি এখনো গবেষণা ও তত্ত্ব পর্যায়ে রয়েছে।