টেকসই বাঁধসহ সুপেয় পানির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ অভিঘাত মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ–ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। জেলার উপকূলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগর উপজেলার নারীরা কলস নিয়ে মানববন্ধনে অংশ নেন।
জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মো. আনিছুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সদস্যসচিব মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, ফোরামের সদস্য আলী নূর খান, আইনজীবী ফাহিমুল হক, ফোরামের সদস্য শেখ আফজাল হোসেন, ফরিদা আক্তার, খুরশীদ জাহান, আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মোহন্ত কুমার হালদার, এস এম রাজু জবেদ প্রমুখ।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। ভবিষ্যতে সরকারি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগ–ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ১৯৬০-এর দশকের বাঁধ পরিকল্পনা বর্তমানে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে বাঁধ ভেঙে বারবার মানুষ সহায়-সম্বল হারাচ্ছেন এবং তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এ জন্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ অভিঘাত মোকাবিলায় স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ করতে হবে।
বক্তারা বলেন, সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এখনো সেই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়নি। জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে হবে। উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া অন্যান্য প্রকল্পগুলো দ্রুত অনুমোদন দিতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ জন্য দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ–ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের মানুষের খাওয়ার পানির সংকট তীব্র। খাওয়ার পানির জন্য একজন নারীকে প্রতিদিন চার–পাঁচ কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এ ছাড়া পানির লাইনে দাঁড়িয়ে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ জন্য উপকূলের মানুষের খাওয়ার পানির সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপকূলের সার্বিক উন্নয়নে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করেন বক্তারা। একই সঙ্গে উপকূলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় বিশেষ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।