টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ও খাল খননে দুর্নীতির প্রতিবাদ
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এবং প্রাণ সায়ের খাল খননে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
সংগঠনটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা উপকূলে প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে যায়। এতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে কপাল পোড়ে মানুষের। উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষ পথে বসে, আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পকেট ভারী হয়। তাঁরা চান না টেকসই বেড়িবাঁধ নির্মাণ হোক। তাঁরা চান প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে সংস্কারের নামে বরাদ্দ আসুক, এ থেকে তাঁরা লাভবান হবেন। এত দিন উপকূলের বেড়িবাঁধ সংস্কারে যে বরাদ্দ এসেছে, তা হরিলুট হয়েছে। উপকূল রক্ষায় দ্রুত মেগা প্রকল্প হাতে নিয়ে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। তা না হলে সব শ্রেণি–পেশার মানুষকে নিয়ে তাঁরা মাঠে নামতে বাধ্য হবেন।