টেক্সটাইল মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

নরসিংদী শহরের চৌয়ালায় একটি টেক্সটাইল মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম রেজাউল করিম (৩২)। তিনি শেরপুরের নকলা উপজেলার পাঠাঘাটা এলাকার জহির উদ্দিনের ছেলে। রেজাউল শহরের নাগরিয়াকান্দীর মনু মোল্লার বাড়িতে ভাড়া থেকে ওই টেক্সটাইল মিলে কাজ করতেন।

রেজাউলের সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, টেক্সটাইল মিলে চারটি চায়না তাঁতকলে কাপড় উৎপাদন করতেন রেজাউল। গতকাল সন্ধ্যার দিকে কাজ করার সময় তাঁতকলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি তাঁতকলের নিচে পর্যবেক্ষণ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট রেজাউল করিম নামের এক টেক্সটাইল শ্রমিককে মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়েছিল।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক জয় বনিক বলেন, ওই শ্রমিকের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনেরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।