টেলিভিশন দেখতে গিয়ে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ আবদুল বারেক (২৩) নামের এক তরুণকে মামলার পরপরই গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিজেদের বাড়িতে টেলিভিশন না থাকায় প্রায়ই প্রতিবেশীর বাড়িতে শিশুটি টেলিভিশন দেখতে যেত। গত রোববার বিকেলে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর সে মায়ের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। শারীরিক পরিস্থিতির অবনতি হলে গতকাল সন্ধ্যায় শিশুটিকে চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, মামলার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে চুয়াডাঙ্গায় ১০০ শয্যার জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।