বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পুলিশ সদস্যরা মারধর করার ঘটনায় ট্যুরিস্ট পুলিশের এক পরিদর্শক ও দুজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বুলবুল আহমেদ, কনস্টেবল মো. জাভেদ ও মেহেদী হাসানকে প্রত্যাহার করা হয়।
বরিশাল ট্যুরিস্ট পুলিশের সুপার রেজাউল করিম রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের তিনজনকে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে বরিশাল নগরের রূপাতলী উকিলবাড়ি সড়কের সামনে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন আহত হন। আহত অবস্থায় রাতে সালাউদ্দিন ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসকের কাছে যাওয়ার আগে জরুরি বিভাগের ফি পরিশোধ করতে বলা হলে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে জ্যেষ্ঠ নার্স সাইফুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে কর্মরত অন্য নার্সরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে হাসপতাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে নার্সরা আগামী শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে দুপুর ১২টার দিকে কর্মবিরতি স্থগিত করেন। হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়ার পর নার্সরা তাঁদের কাজে ফিরে যান।
হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কর্মস্থলেও নিরাপদ নই। আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হচ্ছে। জ্যেষ্ঠ নার্স সাইফুলকে কয়েকজন পুলিশ সদস্য বেধড়ক মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদে আমরা সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছি। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতালের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় আন্দোলনের কর্মসূচি স্থগিত করছি।’