ট্রলারডুবির ঘটনায় আরেক রোহিঙ্গার সন্ধান, এখনো নিখোঁজ ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় জীবিত আরেক রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে। তাঁর নাম আবদুর রহমান (৩২)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাটে এক ব্যক্তির আশ্রয়ে আছেন। ট্রলারডুবির ঘটনায় তাঁর পাঁচ সন্তানসহ এখন পর্যন্ত নিখোঁজ ২৬। গত শুক্রবার রাতে ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ট্রলারডুবির ঘটনা ঘটে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে বঙ্গোপসাগর এলাকায় টহল দেওয়ার সময় চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তী স্থানে নৌকা ডুবন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, সেটি রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা। বর্তমানে ওই নৌকার পাশে নৌবাহিনীর একটি জাহাজ নোঙর করে অবস্থান করছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের নিয়ে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে বঙ্গোপসাগরে কাঠের তৈরি ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারডুবির ঘটনায় ১৪ জন নারী-পুরুষ গতকাল ভোরে ভাসানচরে ফিরে যান। এ ছাড়া আবদুর রহমান নামের এক রোহিঙ্গাকে একটি ফিশিং ট্রলারের জেলেরা উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার কাছাকাছি এলাকায় নামিয়ে দেন। ওই ট্রলারডুবির ঘটনায় আজ সকাল পর্যন্ত নারী-শিশুসহ কমপক্ষে ২৬ জন নিখোঁজ আছেন।

আজ বেলা পৌনে ১১টার দিকে মুঠোফোনে কথা হয় ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া আবদুর রহমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, স্থানীয় এক দালালের মাধ্যমে স্ত্রীর গয়না বিক্রির ১১ হাজার টাকা দিয়ে কক্সবাজারের কুতুপালং যাওয়ার জন্য চুক্তি করেন। সে অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারে ওঠেন তিনি, তাঁর স্ত্রী ও পাঁচ সন্তান। ট্রলারে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। তিনি বলেন, রাতে ট্রলারটি চলার একপর্যায়ে ঝড়ে সাগরে উল্টে যায়। তখন তিনি, তাঁর স্ত্রী ও সন্তানসহ ট্রলারের সবাই সাগরে ডুবে যান। সাগরের ঢেউয়ের তোড়ে একেকজন একেক দিকে হারিয়ে যান। তাঁকে ভাসতে দেখে একটি ফিশিং ট্রলারের জেলেরা উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার কাছে নামিয়ে দিয়েছেন। পরে তিনি কেরানীরহাট এলাকার এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।

আবদুর রহমানের দাবি, ট্রলারডুবির ঘটনায় তাঁর পাঁচ সন্তান সাগরে ডুবে মারা গেছে। তাঁর স্ত্রী সোনা মেহের জীবিত উদ্ধার হয়ে ভাসানচর ফিরে গেছেন। তাঁর মা–বাবা কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরে আছেন। তিনি ভাসানচরে স্ত্রীর কাছে ফিরে যেতে যান।

ভাসানচর থেকে পালিয়ে যাচ্ছিলেন কেন জানতে চাইলে আবদুর রহমান বলেন, তাঁর একটা অসুখ আছে। আগে কুতুপালং থাকার সময় সাতকানিয়ার কেরানীরহাট এসে তিনি কাজ করতেন। কাজ করে যে টাকা আয় হতো, তা দিয়ে নিজের চিকিৎসার খরচ চালাতেন। কিন্তু ভাসানচর যাওয়ার পর আয়-রোজগার বন্ধ, তাই ওষুধ কিনতে পারেন না। এ জন্য সিদ্ধান্ত নেন কুতুপালং মা–বাবার কাছে ফিরে যাবেন।