ট্রলিতে উঠেই লাশ হলেন বেলালুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বাসকষ্টে ভুগছিলেন বেলালুজ্জামান। শ্বাসকষ্ট বেড়ে গেলে নাটোরের সিংড়া থেকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
ছবি: শহীদুল ইসলাম

ঘড়ির কাঁটা বেলা ১১টা ছাড়িয়েছে। করোনা ওয়া৴ডের উদ্দেশে ট্রলিতে উঠলেন বেলালুজ্জামান। ৩৬ মিনিটের ব্যবধানে ট্রলিটা আবার একই জায়গায় ফিরে এল। তবে ফেরত ট্রলি বয়ে এনেছে বেলালুজ্জামানের লাশ। হাসপাতালের বারান্দায় রাখা সেই ট্রলির দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছেন তাঁর ছেলে সাকিব। এ দৃশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের।

বেলালুজ্জামানের বয়স প্রায় ৬৫ বছর। বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকুল গ্রামে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। কিন্তু তাঁকে করোনা ওয়াডে৴ নিতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। মৃতের শ্যালক মো. আবদুল্লাহ জানান, তিন দিন থেকে বেলালুজ্জামানের শ্বাসকষ্ট হচ্ছিল। সকালে হাসপাতালে নিয়ে আসার পর ১০টা ৫০ মিনিটে তাঁর অক্সিজেনের মাত্রা ছিল ৬৫ শতাংশ। কিছুক্ষণ পর হাসপাতালের ওয়াড৴ বয় এসে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করেন। এরপর বেলা সোয়া ১১টার দিকে তাঁকে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ওয়ার্ডে শয্যাসংকটের কারণে এখন নিয়ম করা হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এলেই সঙ্গে সঙ্গে রোগীকে ওয়ার্ডে দেওয়া হবে না। ওয়াড৴ বয় এসে রোগীর অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখবেন। অক্সিজেনের মাত্রা ৯০–এর নিচে থাকলে রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নেওয়া হয়। বাকি রোগীদের বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আবদুল্লাহ জানান, ওয়ার্ডে নেওয়ার পরপরই চিকিৎসক জানান, রোগী মারা গেছেন। তাঁকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। বেলালুজ্জামানের স্বজনের আকুতি ছিল, জরুরি বিভাগের কায৴ক্রম যদি আরেকটু দ্রুত করা হতো, তাহলে তাঁরা রোগীকে ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেন পর্যন্ত নিতে পারতেন।

হাসপাতালের জরুরি বিভাগ কতটা জরুরিভাবে কাজ করছে—জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী আজ সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, হাসপাতালে করোনা রোগীর শয্যাসংকট রয়েছে। এ জন্য যেকোনো রোগী এলেই তাঁকে ওয়ার্ডে নেওয়া হচ্ছে না। জরুরি বিভাগে অক্সিজেনের মাত্রা মাপা হয়। অক্সিজেনের মাত্রা কম হলেই তাঁদের ওয়ার্ডে দেওয়া হয়। এ জন্য জরুরি বিভাগে কিছুটা সময় লেগেই যায়।