ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শুক্রবার বিকেলে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) ও তাঁর স্ত্রী ঋতু আক্তার (৩২) মারা গেছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক নুর উদ্দিন (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ও ঋতু আক্তার উপজেলার বিশকাকুনি সাউদকান্দি গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আবুল কালাম ও ঋতু আক্তার বাড়ি থেকে বের হয়ে একটি ইজিবাইকে করে উপজেলার শ্যামগঞ্জ বাজারের যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই এলাকায় এলে ময়মনসিংহ থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু নিতে আসা বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঋতু আক্তার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাঁর স্বামী আবুল কালাম ও ইজিবাইকচালক নুর উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আর নুর উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।