ট্রাক থেকে নেমে রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে ট্রাক থেকে নেমে রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম বেলাল হোসেন (৩৫)। তিনি দিনাজপুর সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।
আজ দুপুরে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় যাচ্ছিলেন বেলাল হোসেন। সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় দীর্ঘ যানজট থাকায় বেলাল ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশের রেলপথ পার হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।