ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে মঙ্গলবার ভোরে শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। ছবিটি উল্টে যাওয়া পিকআপ ভ্যানের
প্রথম আলো

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ঢাকা থেকে প্রিন্টিং মেশিন নিয়ে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় পৌঁছায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের আরোহী চারজন প্রিন্টিং মেশিনের নিচে চাপা পড়ে নিহত হন। আহত হন তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহত চারজন হলেন পিকআপ ভ্যানের আরোহী বাবুল মিয়া (৩২), সোবাহান (৩৪), নজরুল ইসলাম (৩৫) ও রিয়াদ মিয়া (৩০)। তাঁরা সবাই প্রেসের শ্রমিক। হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়া মো. বুলবুল মিয়া (৪০) ট্রাকের আরোহী। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, সবজিবোঝাই ট্রাকটি ঢাকামুখী লেনে না গিয়ে উত্তরবঙ্গমুখী লেন দিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।