ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশায় ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

ট্রাককে পাশ কাটাতে গিয়ে অপর একটি ট্রাক ধাক্কা দিয়ে বসে অটোরিকশাকে। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক যুবক। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া (৩৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের মৃত ছাইদুল হকের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সিরাজ। সম্প্রতি তিনি দেশে ফেরেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজ মিয়ার বন্ধু আবুল কাশেম সরওয়ারের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করাতে তাকে কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে অটোরিকশায় করে ফেনী শহরে নিয়ে যাচ্ছিলেন সিরাজ। বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাটি ফেনী-নোয়াখালী সড়কের আলমপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে একটি ট্রাককে পাশ কাটানোর সময় অপর একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে বসে। এতে অটোরিকশার যাত্রী সিরাজ মিয়া ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঞা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, সিরাজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।