ট্রাককে বাসের ধাক্কা, বাসচালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এখনো তাঁদের পরিচয় জানা যায়নি। আজ সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল বিশ্ববিদ্যালয় সংযোগ সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালক এবং অপরজন ওই বাসের একজন যাত্রী।

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে নিহত ব্যক্তিদের লাশ থানায় পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন।

বাসটি পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে।

ওসি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ত্রিশাল প্রবেশ করার আগে একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রিয়াজ উদ্দীন বলেন, ট্রাকটি সড়কের একপাশে দাঁড় করানো ছিল। সংঘর্ষের পর বাসটি পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে।