ট্রাকচাপায় তিন ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। তাঁরা সবাই স্থানীয় ছাত্রদলের নেতা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দুলাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্ররা হলেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও মিঠাপুকুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ আহমেদ, মিঠাপুকুর উপজেলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আরাফাত হোসেন এবং মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান।

জেলা ছাত্রদল সূত্র জানায়, নিহত তিনজন দুপুরে রংপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একটি বিক্ষোভ মিছিলে অংশ নিতে মোটরসাইকেলে করে মিঠাপুকুর থেকে রংপুরে যান। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় তাঁদের মৃত্যু হয়।

রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, রংপুরে দলের কর্মসূচিতে অংশ নিতে এসে লাশ হয়ে তিনজনকে বাড়ি ফিরতে হলো। বিষয়টি খুবই দুঃখজনক।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) আবদুল গণি জানিয়েছেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, ছাত্রদলের তিন নেতা-কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।