ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক শিশুটির বাবা প্রভাষক জাহাঙ্গীর আলম।

আজ বুধবার সকালে উপজেলা সদরের হাসপাতাল এলাকায় রানীনগর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার গোলচত্বর এলাকা থেকে মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। হাসপাতাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে বাবা-ছেলে ট্রাকের নিচে চাপা পড়ে আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।