ট্রাকশ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, কর্মবিরতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের বিবদমান দুটি সংগঠনের দ্বন্দ্বের জের ধরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি সংগঠনের পক্ষ থেকে তাদের ছয় দফা দাবি আদায়ে মঙ্গলবার ভোর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের মাধবপুর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার ভোর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

সোমবার দুপুরে একই স্থানে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন শেরপুর জেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মবিরতি ঘোষণার প্রতিবাদ করা হয়। একই সঙ্গে ওই সংগঠনের পক্ষ থেকে সব বাধা অতিক্রম করে পণ্যবাহী যান চালু রাখার ঘোষণা দেওয়া হয়।

শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. আরিফ রেজা। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন, মোতালেব হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ।

লিখিত বক্তব্যে আরিফ রেজা বলেন, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী নেতারা সুষ্ঠুভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু নির্বাচনে পরাজিত দু-তিনজন প্রার্থী স্বল্পসংখ্যক শ্রমিক নিয়ে নিয়মবহির্ভূতভাবে শেরপুরে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী সংগঠনটি (বি-১৬৬৫) ঢাকা মহানগরের বাইরে কোনো কমিটি গঠন বা তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে নানাভাবে অভিযোগ দিলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ওই সংগঠনের (বি-১৬৬৫) লোকজন বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও পণ্যবাহী যানবাহনের নিরীহ শ্রমিকদের হয়রানি করছেন। ফলে ট্রাক ও পণ্যবাহী যানের শ্রমিকদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে। তাই ওই অবৈধ শ্রমিক সংগঠনের (বি-১৬৬৫) শাখা বাতিল, সাংগঠনিক কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে মঙ্গলবার ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার জন্য শেরপুর জেলা থেকে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আবদুস সামাদ। তিনি শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো শ্রমিককে হয়রানি করেন না। বরং সংগঠনের লোকজন পুরো জেলায় ব্যাপক হারে চাঁদাবাজি শুরু করেছেন। এসব চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁদের প্রতিপক্ষের লোকজনের হাতে অনেক নিরীহ শ্রমিক হামলা–মামলার শিকার হয়েছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন। একই সঙ্গে প্রশাসনের সহায়তায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী সোমবার রাতে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় দুটি শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে তাঁরা চেষ্টা করছেন। তবে কর্মবিরতি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।