ট্রাকে ছিলেন না চালক, ঘুম চোখে চালাচ্ছিলেন সহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন
প্রথম আলো

ট্রাকে ছিলেন না চালক। ওসমান গনি (২০) নামের যে যুবক মিনিট্রাকটি চালাচ্ছিলেন, তিনি আসলে চালকের সহকারী। ঘটনার পর ফকিরহাট থানা-পুলিশ ওসমান গনিকে আটক করেছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও। ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আটক ওসমান গনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। তাঁকে আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওসমান গনি ট্রাকটির চালক নন। তিনি চালকের সহকারী বা হেলপার। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন। এ সময় ট্রাকে আর কেউ ছিল না। পুলিশকে ওসমান গনি জানিয়েছেন, তিনি চালক না হলেও দীর্ঘদিন গাড়িতে চালকের সঙ্গে থাকতে থাকতে এখন পুরোপুরি চালাতে পারেন। গাড়ি চালানোর লাইসেন্স না থাকলেও কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দিয়েছেন।

দুর্ঘটনার শিকার ইজিবাইকটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। তাঁদের ছয়জনই ঘটনাস্থলে মারা যান। নূর মোহাম্মদ (৬০) নামে আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

আজ সকাল সাতটার দিকে ইজিবাইকটি যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। আর মিনিট্রাকটি মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় স্থানীয় ইমরান খান ও মনিরুজ্জামান বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিলেন। তাঁরা বলেন, হঠাৎ বিকট একটি শব্দ শুনতেই রাস্তায় ‍উঠে দেখেন একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। সামনেই একটি ট্রাক। রক্তাক্ত অবস্থায় কয়েকজন রাস্তার ওপর পড়ে আছেন। তাঁদের একজন একটু হাত নাড়ছিলেন। তাঁরা তাঁকে ফকিরহাট হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে আসা স্থানীয় আরও কয়েকজন বলেন, ইজিবাইকটি সড়কে নিয়ম মেনে বাঁ পাশের লেনেই ছিল। তবে ট্রাকটি বিপরীত দিক থেকে রং সাইডে এসে ইজিবাইককে চাপা দেয়।

ফকিরহাট ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার বাগেরহাট-মাওয়া মহাসড়কে
প্রথম আলো

ওসমান গনির বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে পানের বরজের ১০ জন শ্রমিক নিয়ে মাদারীপুরের শিবচরে নামিয়ে দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে রাত তিনটার পর আবার ফেরার জন্য রওনা দেন। পথে এ দুর্ঘটনা ঘটে। ওসি বলেন, গতকাল বিকেল থেকে ওসমান গনি গাড়ি চালাচ্ছিলেন। দীর্ঘ সময় গাড়ি চালিয়ে ক্লান্তিতে ঘুম এসে যায়। ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণে রং সাইডে চলে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে তাঁরা ধারণা করছেন।

এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামের প্রয়াত জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫), একই গ্রামের প্রয়াত দিলীপ চন্দ্র রাহার ছেলে উৎপল রাহা (৪১), ফকিরহাটের টাউন নওয়াপাড়া গ্রামের প্রয়াত কালীপদ দের ছেলে গৌর চন্দ্র দে (৫০), বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের প্রয়াত মোনতার শেখের ছেলে নজরুল শেখ (৫০) এবং রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের ওহিদ শেখের ছেলে আবদুল হাই (৫০)। আর আহত নূর মোহাম্মদের বাড়ি রামপালের বাইনতলা ইউনিয়নের বৃচাকশ্রী গ্রামে।

সারা দেশে আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেই বাগেরহাট-মাওয়া মহাসড়কে মিনিট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ গেছে ছয়জনের। আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে জেলার ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবার বাড়ি বাগেরহাটে। তাঁরা সবাই ইজিবাইকটির আরোহী ছিলেন।