ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পোশাকশ্রমিক তরুণী নিহত
ঢাকার ধামরাই উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পোশাকশ্রমিক তরুণী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার জয়পুরা জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম আফসানা আক্তার (২২)। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের হাচুন পাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। আফসানা উপজেলার একই ইউনিয়নের উত্তর কেলিয়া গ্রামে মামার বাড়িতে থাকতেন এবং ফুকুটিয়া এলাকার জিটিএল গার্মেন্টসের কর্মী ছিলেন। এ ঘটনায় নিহত তরুণীর মামা মো. আশরাফ আলী বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হন আফসানা। অটোরিকশায় করে যাওয়ার পথে জয়পুরা জেলেপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন আফসানা। পরে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে ধামরাই থানা-পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণী নিহত হয়েছেন। তবে অটোরিকশাচালকের কোনো ক্ষতি হয়নি। তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।