ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মায়ের মৃত্যু, শিশুসন্তান অক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মহম্মদপুর উপজেলার রাহাতপুর স্লুইসগেটসংলগ্ন নহাটা-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে ওই গৃহবধূর শিশুকন্যা থাকলেও সে অক্ষত আছে।

নিহত নারীর নাম খাদিজা বেগম (২৫)। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাকপ্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। নিহত খাদিজার বাবার বাড়ি যশোরের ঝিকরগাছা।

পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদিজা বেগম পার্শ্ববর্তী নহাটা বাজার থেকে চিকিৎসক দেখিয়ে তাঁর স্বামীর খালাতো ভাই আকবর সর্দারের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে খাদিজার পাঁচ বছরের শিশুকন্যা মিম ছিল। রাহাতপুর স্লুইসগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে নেমে যায় মোটরসাইকেলটি। সরু রাস্তার পাশে কাদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খেতের দিকে ছিটকে পড়েন চালক আকবর সর্দার ও শিশু মিম। তবে বিপরীত দিকে ছিটকে পড়ায় ট্রাকের নিচে চাপা পড়েন গৃহবধূ খাদিজা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খাদিজা বেগম পার্শ্ববর্তী নহাটা বাজার থেকে চিকিৎসক দেখিয়ে তাঁর স্বজনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে খাদিজার পাঁচ বছরের শিশুকন্যা মিম ছিল।

নিহত খাদিজার ভাশুর জামাল মল্লিক জানান, দুর্ঘটনায় মিমের তেমন কোনো ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন তাঁর খালাতো ভাই চালক আকবর সর্দার। তবে চোখের সামনে মায়ের মৃত্যুতে ভাতিজি মিমের কান্না থামছে না।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। নিহত খাদিজার পরিবারের সঙ্গে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে।