ট্রাকের চাপায় শিশু নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাকের চাপায় বুশরা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খগাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুশরা বেগম কোম্পানীগঞ্জ উপজেলার খগাইল গ্রামের আলীম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রাকে অগ্নিসংযোগ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে হেঁটে যাচ্ছিলেন শিশু বুশরা বেগম ও তার দাদা। এ সময় সড়ক পারাপার করতে গিয়ে বুশরা বেগম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ট্রাকটি জব্দ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি অগ্নিসংযোগের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।