ট্রাকের ছাদে পাওয়া গেল শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামে আবুল হাসেম (২০) নামের এক পরিবহনশ্রমিকের লাশ পাওয়া গেছে। ট্রাকচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, চলন্ত ট্রাকের ছাদে উঠে কতিপয় দুর্বৃত্ত তাঁকে হত্যা করে। আজ সোমবার ভোরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাসেম নোয়াখালীর মাইজদী থানার রমেশপুর এলাকার বাসিন্দা। হত্যাকারীরা ছিনতাইকারী নাকি অন্য কেউ, তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নগরের সদরঘাট এলাকা থেকে রড তৈরির উপকরণ পিগ আয়রন বোঝাই করে একটি ট্রাক সীতাকুণ্ডের সোনাইছড়িতে রড তৈরির কারখানায় যাচ্ছিল।

ট্রাকটি নগরের সিটি গেট অতিক্রম করার পর তিন থেকে চারজন ট্রাকটির গতি রোধ করে ছাদে উঠে যায়। গাড়িচালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রাকটি কারখানার দিকে নিয়ে যায়। কিন্তু পথে কোনো এক সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। কারখানায় গিয়ে ট্রাকের ওপর হাসেমের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানোর পর তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা গাড়ির মালামাল ছিনতাই করতে না পেরে পরিবহনশ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে। এখানে অন্য কোনো বিষয় আছে কি না, তা–ও তদন্ত করা হচ্ছে। ঘটনাটি শহরের মধ্যে ঘটেছে।