ট্রাকের ধাক্কায় বন্য মেছোবিড়াল আহত
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মেছোবিড়াল আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মেছোবিড়ালটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ছোট চিড়িয়াখানায় হস্তান্তর করে। রাউজানের পাশে পাহাড়ি এলাকা থেকে প্রাণীটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন বলছেন, এটি চিতাবাঘের শাবক। তবে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম এলাকার রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, প্রাণীটির ছবি দেখে মনে হয়েছে, এটি চিতাবাঘের শাবক নয়। বন্য মেছোবিড়াল। এরা বনে বাস করে। পোষ মানে না। এগুলো কোথাও পাওয়া গেলে বনে অবমুক্ত করতে হয়।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, প্রাণীটি সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন এটি উদ্ধার করেছে।