ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক শিশু নিহত হয়েছে। শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুর মা-বাবা গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় বনপাড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাহিমা আক্তার (৫)। ঘটনার সময় সে মা-বাবার সঙ্গে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল।

দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মায়ের কোলে থাকা শিশু ফাহিমা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের ফারুক হোসেন তাঁর স্ত্রী দিলারা বেগম ও শিশুসন্তান ফাহিমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বনপাড়া ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মায়ের কোলে থাকা শিশু ফাহিমা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী বলেন, ট্রাকটির খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।