ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোরী নিহত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরী নিহত হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। আজ শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
নিহত দুই কিশোরী হলো সানজিদা আক্তার (১৪) ও ফাহমিদা আক্তার (১৫)। সানজিদা লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর ফাহমিদা ঢাকার সেগুনবাগিচার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তারা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সানজিদা আক্তারের বাবা আরিফ হোসেনের মোটরসাইকেলে করে দুই কিশোরী লক্ষ্মীপুর থেকে মধ্য কেরোয়া আসছিল। পালেরহাট পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই দুজন ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সানজিদা ও ফাহমিদা ঘটনাস্থলেই মারা যায়।
লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন দুর্ঘটনায় দুই কিশোরীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাকটিকে চিহ্নিত করে জব্দের চেষ্টা চলছে।