ট্রাকের ধাক্কায় মোরটসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যুতে স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পঞ্চগড় পৌরসভার মিঠাপুকুর এলাকার বাসিন্দা মমির উদ্দিন (৬৮) ও তাঁর ছেলে রেজাউল করিম (৪০)। মমির উদ্দীন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং তাঁর ছেলে রেজাউল করিম মিঠাপুকুর এলাকায় ওষুধের দোকান চালাতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ দুপুর ১২টার দিকে রেজাউল করিম তাঁর বাবাকে নিয়ে মোটরসাইকেলে জমিজমাসংক্রান্ত কাজে বাড়ি থেকে তেতুঁলিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটি সামনে থেকে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ বাবা-ছেলে দুজনই মহাসড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উম্মে হুমায়রা দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আল খান ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।