ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত, ট্রাকচালককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে রিকশা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা মোড়ে
ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়া শহরে ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের লাহিনী বটতলা মোড়ের রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে ট্রাকচালককে আটক করে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গুরুতর আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রিকশাচালকের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। আহত ট্রাকচালকের নাম আলম হোসেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার সালাম অটোরাইস মিলের ট্রাকের চালক।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, লাহিনী বটতলা মোড়ের সড়ক বিভাজকের সামনে রিকশা দাঁড় করিয়ে চালক সিটে বসে ছিলেন। পকেট সড়ক হয়ে উল্টো দিক দিয়ে ট্রাক চালিয়ে মহাসড়কে উঠতে যান ট্রাকচালক আলম হোসেন। এ সময় তিনি সড়ক বিভাজকের কাছে থাকা রিকশাটি ধাক্কা দেন। এতে রিকশাচালকের মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ট্রাকচালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, রিকশাচালকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থাও ভালো নয়।