ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আবু সাঈদ (৪০)। রোববার রাত আটটার দিকে উপজেলার খাজুরায় বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কে আরিফ ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের দাঁতপুর গ্রামের সদর আলী দফাদারের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে খাজুরা বাজার থেকে বাঘারপাড়া-কালীগঞ্জ সড়ক দিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু সাঈদ। রাত আটটার দিকে তিনি আরিফ ব্রিকসের সামনে পৌঁছান। এ সময় পেছন দিক থেকে আসা বাঘারপাড়াগামী একটি দ্রুতগামী ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। বাইসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে সেখানেই সাঈদের মৃত্যু হয়।

আবু সাঈদের ভাই রেজাউল দফাদার বলেন, আবু সাঈদ মালয়েশিয়ায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে তিনি দেশে এসেছিলেন।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।