ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেল ইজিবাইকচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের দিকনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হিরু মীর (৪২)। তিনি ফরিদপুর পৌরসভার শোভারামপুর মহল্লার বাসিন্দা মৃত শুকুর মীরের ছেলে।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ইজিবাইকটি ফরিদপুর শহরের দিকে আসছিল। ঘটনাস্থলে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের সামনাসামনি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হিরু মীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই ইজিবাইকের যাত্রী কুষ্টিয়ার মো. সোহেল (৩০)। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির মৃত্যু

ভাঙ্গা উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত মির্জা ওয়াহিদুজ্জামান (৩৮) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওয়াহিদুজ্জামান ভাঙ্গার নওপাড়া এলাকার বাসিন্দা মির্জা আবদুর রশিদের ছেলে।

গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ভাঙ্গা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজসেবাকর্মী আনোয়ার হোসেন (৩৮)। আহত হন ওই মোটরসাইকেলের আরোহী মির্জা ওয়াহিদুজ্জামান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

থানা-পুলিশ জানায়, আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে ফরিদপুরে ফিরছিলেন। তাঁর সঙ্গে ওয়াহিদুজ্জামান (৪০) ছিলেন। ঘটনাস্থলে আগে থেকে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। তাঁদের মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনের দিক থেকে আঘাত করলে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।