ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সালমান (২৭)। তিনি কুমিল্লা সদর উপজেলার চাপাপুর এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার রাত ১০টার দিকে ফেনী সদর উপজেলার সিলোনীয়া বলি বাড়ির দরজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে সিলোনীয়া বলি বাড়ির দরজা এলাকায় চট্টগ্রামগামী দ্রুতগতির ট্রাক অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালকের সহকারী সালমান গুরুতর আহত হন। পরে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালকের সহকারী নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।