ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানটির চালকের সহকারী ও অপর এক আরোহী। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানের চালকের সহকারীর নাম শহীদুল ইসলাম (২২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত আরোহী হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে দিবাগত রাত একটার দিকে এলেঙ্গা পৌঁছালে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপ ভ্যানটি সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হন। আহত চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে।