ট্রাকের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, একজন নিহত
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গোলাম মোস্তফা (৫৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কের শাহপরান পরগণাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ঢাকার চানখারপুল এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাসহ ১০ জন পর্যটক বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। তাঁরা সিলেটের পর্যটন স্পট জাফলংসহ বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছিলেন। সকালে তাঁরা একটি মাইক্রোবাসে করে সিলেটের পরগণাবাজারে এলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রী গোলাম মোস্তফা। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত ও আরও ৯ যাত্রী আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।