ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরিফ আহমদ (২০) নামের মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে ট্রাকটিও আটক করেছেন স্থানীয় ব্যক্তিরা।

নিহত আরিফ আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আবদুল মন্নাফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিফ আহমদ মোটরসাইকেলে করে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক ধরে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি জাফলং থেকে সিলেটের দিকে আসছিল। সন্ধ্যা ছয়টার দিকে আরিফ আহমদ জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলে থেকে ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে আহত আরিফ আহমদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ সন্ধ্যা ছয়টার দিকে আরিফ আহমদ জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক সেন্টারের সামনে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় সিলেট-তামাবিল সড়কে যানজট তৈরি হয়। খবর পেয়ে  জৈন্তাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, ঘটনাস্থলে ট্রাকটি আটক করে রেখেছেন স্থানীয় ব্যক্তিরা। তবে ট্রাকচালক পালিয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তামাবিল হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।