ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
সিলেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৩২)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট থেকে সালুটিকর বহর গ্রামে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোস্তাক আহমদ। পথে ধোপাগুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম ও যাত্রী মোস্তাক আহমদ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর মোস্তাক আহমদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা এবং ট্রাকটি উদ্ধার করে। তবে ট্রাকের চালককে খুঁজে পায়নি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন। এ ঘটনায় নিহত মোস্তাক আহমদের বাবা দুলাল মিয়া বাদী হয়ে আজ মঙ্গলবার থানায় মামলা করেছেন। দুপুরে মোস্তাক আহমদের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।