ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত
দিনাজপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ের প্রধান ফটকের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের সহকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিক্ষকের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি দিনাজপুর ৬ নম্বর উপশহর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি। এ ঘটনায় আহত তাঁর সহকর্মী হলেন আবদুল লতিফ (৪০)। তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদে দাপ্তরিক কাজ শেষে সহকর্মী আবদুল লতিফের মোটরসাইকেলের পেছনে বসে শহরের দিকে আসছিলেন সাইদুর রহমান। পরিষদের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাক্টরের পেছনের চাকা সাইদুরের মাথার ওপর দিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাক্টরটি। আর নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।