ট্রাক্টরচাপায় নিহত শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করলেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে রাখা শিশুটির লাশ নিয়ে আহাজারি করছেন তার বাবা আউল মিয়া ও স্বজনেরা।
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাক্টরচাপায় নিহত এক শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকেলে নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক সড়কের হরিপুর বাজারে এ অবরোধের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার দুপুরে হরিপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার গ্রামীণ সড়কে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় প্রাণ হারায় রাসেল মিয়া (৭) নামের ওই শিশু। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত রাসেল মিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, ট্রাক্টরচাপায় রাসেল মিয়ার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং ওই ইটভাটার মালিক ও ট্রাক্টরচালকের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে হরিপুর বাজার এলাকায় নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক সড়কে লাশ রেখে সড়ক অবরোধ করেন গ্রামবাসী। অবরোধকারীরা থানা-পুলিশের বিরুদ্ধে এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগও তোলেন। অবরোধে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যানবাহনের যাত্রীরা। দুই ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব উল্লাহ এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

গ্রামবাসীর অভিযোগ, হরিপুর এলাকায় কয়েকটি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার জন্য ট্রাক্টরে করে বিভিন্ন এলাকার কৃষিজমি থেকে মাটি আনা-নেওয়া করে ৩০-৪০টি ট্রাক্টর। এতে গ্রামীণ সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় সময়ই ঘটে দুর্ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করলে ইটভাটার মালিকেরা উল্টো গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করেন। এ জন্য তাঁরা নিহত শিশু রাসেল মিয়ার লাশ সড়কে রেখে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে আটটায় নাসিরনগর থানার ওসি হাবিব উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। পুলিশ সব আলামত সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই শিশুর পরিবারের লোকজন চাইলে মামলা দিতে পারেন। তবে তাঁরা এখনো মামলা করতে আসেননি।