ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের লোলপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তারেক হোসেন (১৮) উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় মধুপুর নয়াদীঘি এম রফিক আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় তারেক তাঁর দুই চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের লোলপুকুর এলাকায় আলুবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারেকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তারেককে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তারেকের মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলছেন, ধাক্কা দেওয়ার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান। পরিবারের কাছে তারেক হোসেনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।