ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
যশোরের চৌগাছা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক সার ব্যবসায়ীর প্রাণ গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সলুয়া–কায়েমকোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সার ব্যবসায়ী মজনুর রহমান (৩২) চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুণ্ডি গ্রামের বাসিন্দা। তাঁর মা পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোমেনা খাতুন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মজনুর চৌগাছা উপজেলার কালিয়াকুণ্ডি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সলুয়া-কায়েমকোলা সড়ক দিয়ে সলুয়া বাজারে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেলা একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বেলা পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বলেন, দুর্ঘটনায় আহত মজনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।