ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া (২৮) সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের আইয়ুব খানের ছেলে। এ ঘটনায় একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. বসু গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ হয়। হেলাল মিয়া ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কে মোটরসাইকেল চালাচ্ছিলেন তা–ও জানা যায়নি।
খবর পেয়ে সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যান। আহত বসুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। মোটরসাইকেলটি অতিক্রম করার সময়, নাকি মুখোমুখি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা স্থানীয় লোকজন বলতে পারেননি। তবে ট্রাক্টরটি রাস্তায় সিলেটমুখী অবস্থায় পড়ে ছিল।