ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে আহত বাবুল মিয়া (৫৫) মারা গেছেন। ওই ঘটনায় গতকাল শনিবার রাতে নিহত ব্যক্তির ছোট ভাই মাহমুদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

নিহত বাবুলের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর বলরামপুর গ্রামে। তবে তিনি চার বছর ধরে বদরগঞ্জ উপজেলার উত্তরবাওচণ্ডী কাজীপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোররাতে বদরগঞ্জ উপজেলার উত্তরবাওচণ্ডী শাহপাড়া গ্রামের পাশে গভীর নলকূপের খুঁটি থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ সময় পাহারাদারের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে বাবুল মিয়াকে ঘটনাস্থলে আটক করে। উত্তেজিত জনতার পিটুনিতে বাবুল আহত হন। তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া গতকাল সন্ধ্যায় মারা যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, উত্তেজিত জনতার পিটুনিতে নিহত বাবুল মিয়ার বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ থানা এবং রংপুরের কোতোয়ালি ও বদরগঞ্জ থানায় চুরি ও ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা আছে। অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে বাবুলের ছোট ভাই মামলা করেছেন বলে ওসি জানান।