ট্রান্সফরমারের ভেতর ৫২০ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে ফেনসিডিল পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে মিজানুর রহমান ও নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শফিক উদ্দিন।

র‌্যাবের সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, দিনাজপুরের হিলি থেকে পিকআপ ভ্যানে ট্রান্সফরমারের ভেতর ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছিলেন মিজান ও শফিক। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড়ে পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‌্যাব-১২–এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।