ট্রেন-ইজিবাইক সংঘর্ষে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজারসংলগ্ন মইলাকান্দা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
ইজিবাইকটি আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এক সদস্য প্রার্থীর প্রচারণায় নিয়োজিত ছিল বলে জানা গেছে। গৌরীপুর উপজেলা পরিষদে প্রতীক বরাদ্দ শেষে ওই প্রার্থীর সমর্থকেরা বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে প্রবেশের পূর্বে শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কে মইলাকান্দা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তাঁর নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি গৌরীপুর উপজেলার কুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
প্রতীক পেয়ে সমর্থকেরা ইজিবাইকে গ্রামে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ বাজারসংলগ্ন মইলাকান্দা রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন জানান, ইজিবাইকটি চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় সিধলা ইউপি নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জামাল উদ্দীনের নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত হচ্ছিল। আজ উপজেলা পরিষদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জামাল উদ্দীন ফুটবল প্রতীক পান। প্রতীক পেয়ে তাঁর সমর্থকেরা ইজিবাইকে গ্রামে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ বাজারসংলগ্ন মইলাকান্দা রেলক্রসিং এলাকায় ইজিবাইকটি অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
তীলক রায় নামের এক প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ইজিবাইকের পেছনে নির্বাচনী প্রচারণার একাধিক ইজিবাইকের জটলা ছিল এবং সবাই ভুভুজেলা বাজাচ্ছিল। বাঁশির উচ্চ শব্দে ট্রেনের ইঞ্জিনের আওয়াজ না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর এলাকাবাসী গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেলক্রসিংটিতে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় যুবক দেলোয়ার হোসেন।