ট্রেন চলেনি তিন ঘণ্টা, ঝুঁকির মধ্যেই বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ধসের মাটি রেলপথে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল গতকাল সোমবার সকালে বন্ধ হয়ে যায়। আবার পাহাড়ধসের আশঙ্কা মাথায় নিয়েই সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন সূত্র জানায়, গত রোববার সারা রাতের ভারী বৃষ্টিতে ভানুগাছ রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা পাহাড়ি এলাকায় ভূমিধস শুরু হয়। পাহাড়ধসের কাদামাটি গতকাল ভোররাতে সেখানে সিলেট-আখাউড়া রেলপথের ওপর পড়ে। ফলে সকাল সোয়া আটটা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সেখান থেকে মাটি সরানোর কাজ শুরু করেন। দুপুর পৌনে ১২টা নাগাদ তাঁরা রেলপথটি স্বাভাবিক করতে সক্ষম হন।

শমশেরনগর রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, বাঘমারা এলাকায় পাহাড়ধসের কারণে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে ও জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল। রেলপথ থেকে মাটি সরানোর পরই ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রেনু মিয়া বলেন, সারা রাত ভারী বৃষ্টির কারণে সিলেট-আখাউড়া রেলপথের ওই এলাকায় এমনটি ঘটেছিল। ভানুগাছ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পাহাড়ি এলাকায় রেলপথ কিছুটা ঝুঁকিপূর্ণ। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে এসব এলাকায় আরও ধসের আশঙ্কা রয়েছে।

ঝুঁকির মধ্যে বসবাস

কমলগঞ্জসহ মৌলভীবাজারের অন্তত চারটি এলাকায় পাহাড়-টিলা কেটে ঘরবাড়ি বানিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে লোকজন বাস করছে। এসব স্থানে ভূমিধসের আশঙ্কা থাকায় প্রশাসন লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। তবে অনেকে প্রশাসনের কথা শুনছে না।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা, জুড়ী উপজেলার ভজিটিলা এবং বড়লেখা উপজেলার ডিমাই এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব স্থানে খাস টিলার ওপর ও নিচে বাস করা বেশির ভাগ মানুষই বাস্তুহারা।

জুড়ীর ঝুঁকিপূর্ণ ভজিটিলার ৭৪টি পরিবারকে সরিয়ে পাশের টেডি ইয়াহিয়া, বিশ্বনাথ এবং চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী প্রথম আলোকে বলেন, ভজিটিলা ছাড়াও দু-একটা ঝুঁকিপূর্ণ স্থানে কিছু পরিবার আছে। মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে।

বড়লেখা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে সদর ইউনিয়নের ডিমাই এলাকা। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুয়েব আহমদ বলেন, উত্তর ও দক্ষিণ ডিমাই এলাকায় অন্তত পাঁচ হাজার মানুষ খাসজমিতে টিলা কেটে বাড়িঘর বানিয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিও টিলার মাটি কাটছে। লোকজনকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

এই ডিমাই এলাকারই বিওসি কেচরিগুল (বাতাউড়া) গ্রামে গত শনিবার রাতে টিলাধসের ঘটনা ঘটে। এতে গ্রামের আছিয়া বেগম ও তাঁর মেয়ে ফাহমিদা বেগমের মৃত্যু হয়।

বড়লেখার ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, ডিমাই একটি দুর্গম এলাকা। ঝুঁকিপূর্ণ এই এলাকায় টিলার আশপাশে না থাকতে অনুরোধ করা হচ্ছে। তবে লোকজন সরতে চায় না। অনেক চেষ্টায় প্রায় ২০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণভাগ, শাহবাজপুর ইউনিয়নের কিছু ঝুঁকিপূর্ণ স্থানে বিচ্ছিন্নভাবে লোকজন আছে। তাদেরও সরানোর চেষ্টা চলছে।

কমলগঞ্জ উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা কালেঙ্গা। সেখানেও টিলা কেটে অনেকে ঘরবাড়ি বানিয়েছে। স্থানীয় বাসিন্দা লিপি বেগম (২৫) বলেন, ‘আমরা গরিব মানুষ, এর লাগি এত ওপরে থাকি। যদি টাকাপয়সা সরকারে দিত, এনো থাকতাম না। মরার ঝুঁকি লাইয়া থাকলামনানে। এখন আর কিতা করমু? আল্লায় রাখতা।’

ইউএনও মো. মাহমুদুল হক গতকাল কালেঙ্গা এলাকা পরিদর্শন করেন। এ সময় ঝুঁকিপূর্ণ হওয়ায় দুটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। প্রথম আলোকে তিনি বলেন, উপজেলার কয়েকটি এলাকায় টিলার মধ্যে লোকজনের বাস আছে। তবে কালেঙ্গাই ঝুঁকিপূর্ণ। লোকজনকে সতর্ক করা হয়েছে।

শ্রীমঙ্গলের মোহজেরাবাদ এলাকার ঝুঁকিপূর্ণ কয়েকটি পরিবার প্রশাসনের আহ্বানে নিরাপদ স্থানে সরছে না। ইউএনও মো. মোবাশ্বেরুল ইসলাম বলেন, মোহজেরাবাদে খাসজমিতে কয়েকটি পরিবারের বসতি রয়েছে। অনুরোধ সত্ত্বেও তারা সরছে না।

এ ছাড়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন, রাজনগর উপজেলার মুন্সীবাজার, টেংরা ও উত্তরভাগ ইউনিয়ন ও মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের কয়েকটি এলাকায় ছোট ছোট টিলায় কিছু পরিবার বাস করছে। সংশ্লিষ্ট ইউএনওরা বলেছেন, এসব স্থান খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। তবু মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, জেলায় মোট কত মানুষ ঝুঁকিতে রয়েছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বড়লেখা, জুড়ীসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে সরাতে নানাভাবে চেষ্টা চলছে।