ট্রেন দুর্ঘটনায় নিহত সাতরাজ হত্যার বিচারের দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতরাজ উদ্দিন হত্যার বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে ট্রেন ও তিন গাড়ির সংঘর্ষে নিহত এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন হত্যার বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করা এবং নিরাপদ করতে ছয় দফা দাবি উত্থাপন করেন তাঁরা।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের ওয়্যারলেস মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। এগুলো হচ্ছে সাতরাজসহ সড়কে সব হত্যাকাণ্ড দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। চট্টগ্রামসহ সারা দেশে সব ধরনের গণপরিবহনে (সড়ক, নৌ ও রেলপথ) শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত ও সার্বক্ষণিক হাফ পাস (অর্ধেক ভাড়া) প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিশ্চিত করতে হবে।

পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ এবং মালিক–শ্রমিক আয়ের সামঞ্জস্য নির্ধারণ করতে হবে। সারা দেশে সব রেলক্রসিংয়ে সংকেত বাতি, স্থায়ী গেটম্যান নিয়োগ এবং গতিরোধক নির্মাণ করতে হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতিরোধক, জেব্রাক্রসিং ও সংকেত বাতি দিতে হবে।

বুধবারের সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি মিছিল পাহাড়তলী কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা রেলক্রসিংয়ে এসে শেষ হয়।

গত শনিবার সকালে নগরের জাকির হোসেন সড়কে ঝাউতলা রেলক্রসিং এলাকায় দ্রুতগতিতে আসা ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় বাস, অটোরিকশা ও টেম্পোর। এতে সাতরাজসহ তিনজন মারা যান।