ট্রেনটি চালকসহ মাটিবোঝাই ট্রলি ঠেলে নিয়ে গেল ২০০ গজ দূরে
যশোর সদর উপজেলায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রকেট মেইল ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
নিহত ওই ট্রলিচালকের নাম সাইদুল মল্লিক (৪০)। তিনি সদর উপজেলার ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকার আতিয়ার আলী মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, আজ সকালে সাইদুল মল্লিক ট্রলিতে মাটি বোঝাই করে চুড়ামনকাটি বাজার থেকে ছাতিয়ানতলার উদ্দেশে রওনা হন। দুপুর পৌনে ১২টার দিকে ট্রলিটি ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকার রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রকেট মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি ট্রেনের সঙ্গে আটকে যায়।
এরপর ট্রেনটি ওই ট্রলিকে ঠেলে নিয়ে প্রায় ২০০ গজ দূরে মুন্সি মেহেরুল্লাহ রেলস্টেশনে গিয়ে থামে। এতে ট্রলিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং সাইদুল মল্লিক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, রকেট মেইল ট্রেনের ধাক্কা লাগার পর ট্রলিটি ট্রেনের সঙ্গে আটকে গিয়েছিল। রেলক্রসিংটি অরক্ষিত এবং সেখানে কোনো গেট ও গেটম্যান নেই। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।