ট্রেনে উঠতে গিয়ে ভৈরব স্টেশনে এবার মানিব্যাগ খোয়ালেন ইউএনও
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় এবার মানিব্যাগ খুইয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান। চোর চক্র তাঁর পকেট কেটেছে তিন দিন আগে। এই সময়ের মধ্যে মানিব্যাগটি উদ্ধার করা যায়নি। এই নিয়ে ইউএনও ক্ষুব্ধ ও বিব্রত।
এদিকে স্টেশনে ইউএনওর মানিব্যাগ খোয়ানোর তথ্যটি জানাজানি হওয়ার পর স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যাত্রীরা এই স্টেশনে চলাচলের সময় প্রায়ই চুরি, ছিনতাইয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার কর্মস্থল থেকে ঢাকায় যেতে চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটেন ইউএনও। ওই দিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে বেলা ২টায়। ট্রেনে ওঠার সময় তিনি টের পান প্যান্টের পকেটে কেউ একজন হাত দিয়েছেন। পেছন ফিরে তাকাতেই দেখতে পান এক ব্যক্তি মানিব্যাগটি নিয়ে ট্রেন থেকে নেমে পড়েছেন।
এরই মধ্যে ট্রেন স্টেশন ছেড়ে যায়। পরে তিনি ভৈরব রেলওয়ে পুলিশকে বিষয়টি মৌখিকভাবে অবগত করে প্রতিকার চান। রেলওয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইউএনওকে পাঠায়। এর মধ্যে থেকে সম্ভাব্য অপরাধীকে শনাক্ত করেন ইউএনও।
ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চোরকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখার পর চোরকে চিনতে আর কষ্ট হয়নি। কিন্তু দুঃখ লাগছে, এখনো চোর ধরা পড়েনি এবং খোয়া যাওয়া মানিব্যাগটি উদ্ধার হয়নি।’ পরে তিনি বলেন, আসলে ভৈরব রেলস্টেশনের পরিস্থিতি ভালো নয়। এই নিয়ে কী করা যায়, ভাবতে হবে।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, ভৈরব একটি জংশন স্টেশন। স্টেশনটি এখন অপরাধীদের দখলে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী এবং ভৈরব-ময়মনসিংহ লাইনে যাতায়াতের জন্য প্রতিদিন এই স্টেশনে ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়। ভৈরব ছাড়াও একই জেলার কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদীর যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যেতে এই স্টেশন থেকে ট্রেনের আরোহী হন। দিনরাত এই স্টেশনে থাকে যাত্রীদের সরব উপস্থিতি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে বাইরের এলাকার যাত্রীরা ট্রেনের আরোহী হওয়ার সময় অপরাধীদের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন। কেউ খোয়াচ্ছেন মানিব্যাগ, কেউ মুঠোফোন, কেউ আবার স্বর্ণালংকার। একটি চক্র ট্রেনের ওঠানামার সময় ভিড়কে পুঁজি করে যাত্রীদের পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে হয়রানি করছে। ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করে সুফল পাচ্ছেন না।
ইউএনওর মানিব্যাগ উদ্ধারের অগ্রগতি সম্পর্কে রোববার সন্ধ্যায় মুঠোফোনে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ‘ইউএনও স্যারকে ফুটেজ পাঠিয়েছি। ফুটেজে তিনজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। সমস্যা হলো ফুটেজ ছিল অস্পষ্ট। সেই কারণে চোর শনাক্তে সময় লাগছে।’