ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই তরুণের নাম মারুফ মিয়া (২০)। তিনি রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে।
স্থানীয় রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামের ট্রেন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে আমিরগঞ্জ স্টেশন এলাকায় হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন মারুফ মিয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, মারা যাওয়া মারুফ মিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।