ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক প্রতিবন্ধীর
নাটোরের নলডাঙ্গা উপজেলার বীরকুৎসা এলাকায় ট্রেনে কেটে পড়ে পলাশ খাঁ (৩৮) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া পলাশ খাঁ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা কোনাবাড়িয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
নাটোরের মাধনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে পলাশ খাঁ বিরকুৎসা রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই রেললাইন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার মোমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশ খাঁ মানসিক ভারসম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তিনি রেললাইনে বসে ছিলেন। বারবার হুইসেল দেওয়ার পরও তিনি রেললাইন থেকে সরে যাননি। ফলে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় তাঁর মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।