ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার চতুল ইউনিয়নের কীর্ত্তনীয়াপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম কমলা রানি কীত্তর্নীয়া (৬৬)। তিনি চতুল ইউনিয়নের কীর্ত্তনীয়াপাড়া এলাকার ক্ষিরোদ কীত্তর্নীয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কমলা রানি রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় গোপালগঞ্জের চর গোবড়া থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

নিহত নারীর স্বজনদের উদ্ধৃতি দিয়ে রেল মিস্ত্রি চাঁন মিয়া বলেন, ওই নারী সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি কানেও কম শুনতেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. মামুন বলেন, বৃদ্ধ নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।